দিনাজপুরের পার্বতীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল ও দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়। অভিযানের সময় চক্রের আরও তিন সদস্য পালিয়ে যায়।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনের নির্দেশনায় ডিবি পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা একটি স্মার্টফোনের তথ্য বিশ্লেষণ করে ডিজিটাল পদ্ধতিতে অভিযান এগিয়ে নেওয়া হয়।
প্রথমে রাশেদুল রহমান ওরফে দুলাল (২৭) নামে একজনকে একটি কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেলাইচণ্ডী বাজারের ইপিজেড-সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম (২৮) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে লাল-কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন বাজাজ ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা মোটরসাইকেল দুটির আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। এগুলো দিনাজপুর ও নীলফামারীর বিভিন্ন এলাকা থেকে চুরি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযানের সময় চক্রের সন্দেহভাজন আরও তিন সদস্য আব্দুল আলিম (৪২), লাল বাবু (৪৩) ও ইউসুফ (২৭) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে গ্রেফতার দুজন ও তাদের সহযোগীদের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় মামলা করেছে ডিবি পুলিশ।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, গ্রেফতার দুজনকে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্য সদস্যদের বিষয়ে তথ্য পাওয়ার আশা করছে পুলিশ।




