জামালপুরের ইসলামপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙনে বসতভিটা হারিয়ে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বিধবা আছিয়া বেগম। স্বামী মৃত আনোয়ার ইসলামের সাজানো সংসার হারানোর পর দারিদ্র্য ও শারীরিক অসুস্থতা নিয়ে দিন কাটছে তার। এখন তার চাওয়া একটি নিরাপদ আশ্রয়, চিকিৎসা ও দুবেলা খাবারের নিশ্চয়তা।
ইসলামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর দরিয়াবাদ (ফকিরপাড়া) এলাকার বাসিন্দা আছিয়া বেগম। একসময় নিজের বসতভিটা ও সংসার থাকলেও নদীভাঙনে সব হারিয়ে এখন ঠাঁই হয়েছে জরাজীর্ণ ঘরে। অভাবের পাশাপাশি শারীরিক অসুস্থতা তার জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।
কোমরের হাড় ক্ষয়জনিত সমস্যায় ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না তিনি। চোখে ছানি পড়ায় কমে গেছে দৃষ্টিশক্তিও। ফলে দৈনন্দিন কাজকর্ম করাও তার জন্য কঠিন হয়ে পড়েছে। তার দুই ছেলে ও এক মেয়ের পরিবারও আর্থিক সংকটে রয়েছে।
স্থানীয়দের দাবি, নদীভাঙনে সর্বস্ব হারানো এই অসহায় বিধবার জন্য নিরাপদ বাসস্থান ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা জরুরি। সরকারি সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তাকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের বলেন, নদীভাঙনে সর্বস্ব হারিয়ে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপনের বিষয়টি দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নিয়ে তার সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




