নেত্রকোনার কলমাকান্দায় দুই কেজি গাঁজাসহ মো. নজরুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা গাঁজার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাত ১০টা ৫ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ আতকাপাড়া এলাকায় গুমাই ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।
পুলিশের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (পূর্ব)-এর এসআই মো. তোফায়েল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নেত্রকোনা থেকে কলমাকান্দাগামী সড়কে কবির মিয়ার ওয়ার্কশপের পাশে সন্দেহভাজন হিসেবে নজরুলকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি খাকি রঙের ব্যাগ থেকে দুটি প্যাকেটে রাখা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নজরুল কলমাকান্দা উপজেলার চন্দনকান্দি গ্রামের মৃত চান্দু খাঁ ও মলুদা আক্তারের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কলমাকান্দা থানায় নিয়মিত মামলা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।