মোংলা-বেনাপোল রেলপথে বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা রেলস্টেশনে ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে স্টেশন এলাকায় অনুষ্ঠিত কর্মসূচি থেকে আগামী ১৫ দিনের মধ্যে স্টেশনটি চালুর দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেন তারা। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় মোংলাগামী একটি ট্রেন থামিয়ে বিক্ষোভ করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন রামপাল উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ কবির ও উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া।
বক্তারা বলেন, ভাগা বাজারের পাশে বিপুল অর্থ ব্যয়ে একটি পূর্ণাঙ্গ রেলস্টেশন নির্মাণ করা হলেও সেখানে ট্রেন থামে না। অথচ মোংলা-বেনাপোল রেলপথে নিয়মিত ট্রেন চলাচল করছে। স্টেশনটি চালু না হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
তারা আরও বলেন, ভাগা রেলস্টেশন চালুর জন্য রেলমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। আগামী ১৫ দিনের মধ্যে স্টেশনটি চালু না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান আন্দোলনকারীরা।




