ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এক কোটিরও বেশি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার (২৪ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর আওতাধীন সাতটি সীমান্ত ফাঁড়ির টহল দল এসব অভিযান পরিচালনা করে। জব্দ করা পণ্যের মোট আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৪৯০ টাকা।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চণ্ডীদার, কাজিয়াতলী ও মঈনপুর সীমান্ত ফাঁড়ি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল সীমান্ত ফাঁড়ির সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালান।
অভিযানে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য ও অন্যান্য সামগ্রীর পাশাপাশি গরু, মোটরসাইকেল, বাজি, গাঁজা ও কাশির সিরাপ জব্দ করা হয়। তালিকায় আরও রয়েছে শাড়ি, বাসমতী চাল, চকলেট, ফুসকা, ফেসওয়াশ, অলিভ অয়েল, পন্ডস পাউডার, সাবান, জনসন বেবি লোশন ও শ্যাম্পু।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় অভিযানগুলো পরিচালিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।




