খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার নয়টি থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে ৭৩৮টি যানবাহনে তল্লাশি চালানো হয়। ট্রাফিক আইন অমান্য করায় দায়ের করা হয়েছে ৯টি মামলা। এ ছাড়া বিভিন্ন অনিয়মের কারণে ১০টি যানবাহন আটক করা হয়েছে। অভিযান চলাকালে মাদকবিরোধী তল্লাশিতে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও যানবাহনে তল্লাশি অব্যাহত থাকবে।




