ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। ধর্ম পালনে কাউকে বাধা দেওয়া যাবে না। সব ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা জরুরি।
তিনি বলেন, এ বছর কচুয়ায় দুর্গাপূজা উপলক্ষে আগের বছরগুলোর তুলনায় বেশি সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উদ্‌যাপনে সহযোগিতা অব্যাহত থাকবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসব উদ্‌যাপনের আহ্বান জানান তিনি।