পঞ্চগড় সদর উপজেলায় দুই কীটনাশক ব্যবসায়ীর বাড়ি ও প্রতিষ্ঠান থেকে ৭০ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া ও গরিনাবাড়ি ইউনিয়নের বজরাপাড়া এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বীরপাড়া গ্রামে কীটনাশক ব্যবসায়ী ও মুন্না ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১৫ বস্তা টিএসপি, ২২ বস্তা পটাশ ও ২৪ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। এ ঘটনায় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বজরাপাড়া এলাকায় জাহিদুল ইসলামের প্রতিষ্ঠান থেকে কাগজপত্রবিহীন মজুত করা নয় বস্তা সার জব্দ করা হয়। তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ব্যবসায়ীই তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী জানান, জব্দ করা ৭০ বস্তা সারের মধ্যে বজরাপাড়ার নয় বস্তা সার সরকারি দামে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। হাড়িভাসা থেকে জব্দ করা ৬১ বস্তা সার মঙ্গলবার ইউনিয়ন পরিষদে সরকারি দামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সার জব্দ ও জরিমানা করা হয়েছে। সার মজুত ও বিপণনে অনিয়ম ঠেকাতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।