ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা দলীয়করণ করা যাবে না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করতে হবে। কোনো পরিবার যেন এ কার্যক্রমের বাইরে না থাকে, তা নিশ্চিত করতে হবে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৬৩ নম্বর ধাওয়া রাজপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে খানার তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি ওয়ার্ডে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে তথ্য সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই। প্রতিটি পরিবারের সঠিক তথ্য সংগ্রহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক পরিচয়, ধর্মীয় বিশ্বাস কিংবা জাতিগত পরিচয়ের কারণে কোনো পরিবারকে বাদ দেওয়া যাবে না। ফ্যামিলি কার্ড বিতরণে নির্ধারিত নীতিমালা ও যোগ্যতার শর্ত অনুসরণ করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা সত্যজিৎ অধিকারী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামিম হাওলাদার, ধাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম মোর্শেদ এবং উপজেলা যুবদল নেতা মো. আল আমিন হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধাওয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাসুম বিল্লাহ।




