পাবনার সাঁথিয়ায় শারদীয় দুর্গোৎসবের নবমীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর যুব ও কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সাঁথিয়া বারোয়ারী কালীমন্দির পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাইয়েদ আব্দুল্লাহ বলেন, আবহমানকাল ধরে চলে আসা ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’
তিনি বলেন, পাবনার ৩৬৪টি মন্দিরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দেন সাইয়েদ আব্দুল্লাহ। একই সঙ্গে সাঁথিয়া মহাশ্মশানের উন্নয়নকাজ চলতি বছরেই শুরু করার ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শুশীল কুমার দাস ও সাধারণ সম্পাদক অজয় দাস, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাইসহ সরকারি কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




