আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, ধর্মীয় উৎসবকে ব্যবহার করে কেউ কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। এ জন্য বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতাদেরও সতর্ক থাকতে হবে।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স হলরুমে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন মঠ-মন্দিরের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে রাঙামাটি জেলা বিএনপি।
মাহবুবের রহমান শামীম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে। দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে বিএনপির নেতা-কর্মীদের সহযোগিতা করার নির্দেশনা রয়েছে। এ লক্ষ্যে জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাদের সঙ্গে পূজা উদযাপন কমিটির সমন্বয় এবং মন্দির ও পূজামণ্ডপের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির এবং জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশ। এ ছাড়া বিএনপি ও সনাতন ধর্মাবলম্বী নেতারা বক্তব্য দেন।