সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে জলদস্যু সম্রাট বাহিনীর হাতে জিম্মি হওয়া চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। রবিবার (১১ অক্টোবর) দুপুরে খুলনার দাকোপ উপজেলার শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের গভীরে পালিয়ে যায়।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। উদ্ধার হওয়া জেলেরা হলেন পাইকগাছা উপজেলার মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্র জানায়, গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা ওই চার জেলেকে অপহরণ করে জিম্মি করেন। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাঁদের নির্যাতন করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে নলিয়ান কোস্ট গার্ড আউটপোস্ট জিম্মিদের অবস্থান শনাক্ত করে। পরে রোববার দুপুর ২টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। তবে দস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনে বনদস্যু দমন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এসব অভিযানের মাধ্যমে বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা ও জলদস্যুদের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কাজ করছে বাহিনীটি।




