টাঙ্গাইলের মির্জাপুরে সড়কের পাশে নারীর খণ্ডিত মরদেহ পড়ে থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিমধল্যা অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ভোরে মহাসড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী রাস্তার পাশে দেহের খণ্ডিত অংশ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মির্জাপুর থানা ও গোড়াই হাইওয়ে থানায় খবর দেওয়া হয়। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে অন্য কোনো স্থানে হত্যার পর তাঁর মরদেহের অংশবিশেষ এখানে ফেলে রাখা হয়েছে। পরিচয় আড়াল কিংবা অপরাধের আলামত নষ্ট করার উদ্দেশ্যে এমনটি করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে হত্যার কারণ বা ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সেটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় বের করা এবং ঘটনার পেছনের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।