চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ১৯৮ পিস ইয়াবাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। একই দিনে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৭৬ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও আটক করা হয়। বুধবার (১৪ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ১৭ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। কিশোর গ্যাং সন্দেহে আটক করা হয় ১৫ জনকে। তাদের মধ্যে ১২ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে এবং তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাইমচর থানা পুলিশ দুই পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। ফরিদগঞ্জ থানা পুলিশ ১০ পিস ইয়াবাসহ একজনকে এবং সিআর পরোয়ানায় আরও দুজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া দুই থানায় যথাক্রমে সাতজন করে কিশোর গ্যাং সন্দেহে আটক করা হয়।
মতলব দক্ষিণ থানা পুলিশ পাঁচজন এবং মতলব উত্তর থানা পুলিশ ছয়জনকে আটক করে। পরে তাদের মুচলেকা নিয়ে অথবা অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। হাজীগঞ্জ থানা পুলিশ ১৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে। এ থানায় কিশোর গ্যাং সন্দেহে আটক করা হয় ২১ জনকে।
শাহরাস্তি থানা পুলিশ তিন পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে এবং ছয়জনকে আটক করে। কচুয়া থানা পুলিশ ১৬ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তারের পাশাপাশি কিশোর গ্যাং সন্দেহে আরও নয়জনকে আটক করে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জেলা পুলিশ কাজ করছে উল্লেখ করে তিনি এ বিষয়ে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। এর আগে ১০ অক্টোবরের অভিযানে জেলায় মাদকসংক্রান্ত ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার এবং কিশোর গ্যাং সন্দেহে ৭০ জনকে আটক করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।




