দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত নিয়ে আলোচনা করবে সরকার। সংবিধান সংস্কারবিষয়ক সভায় যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো জুলাই সনদ অনুযায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। 
শুক্রবার বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ গেট নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বড় ধরনের বরাদ্দের মাধ্যমে উন্নয়নবঞ্চিত উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। শিল্প-কলকারখানা গড়ে তুলে আগামী দিনে বেকারত্বের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেক, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও জেলা প্রশাসক ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এক কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য শহীদ আবু সাঈদ গেটের কাজ ২০২৭ সালের ৩১ আগস্টের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।