কক্সবাজারের চকরিয়া পৌরসভায় শুরু হয়েছে ১৯ দিনব্যাপী পৌরকর মেলা। রোববার (১১ অক্টোবর) সকালে পৌরসভা ভবনে মেলার উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন দেলোয়ার। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ মেলা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, পৌরসভার প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে পৌরসভার চলমান উন্নয়নকাজ স্বচ্ছতা বজায় রেখে টেকসইভাবে সম্পন্ন করতে প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, পৌরকর পরিশোধ করা নাগরিকের দায়িত্ব। এ করের অর্থ দিয়েই পৌর এলাকার উন্নয়ন কার্যক্রমের একটি বড় অংশ পরিচালিত হয়। তাই মেলায় এসে নির্ধারিত পৌরকর পরিশোধ করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সচেতন থাকার নির্দেশ দেন।
অনুষ্ঠানে পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ লোকমান, প্রকৌশলী মুজিবুর রহমান, কর আদায়কারী জহুরুল মওলা, হিসাবরক্ষণ কর্মকর্তা শাফায়েত হোসেন, কর নির্ধারক ফরিদুল আলমসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




