জামালপুরের ইসলামপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে রাতুল (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা এলাকার আলাই বিলে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাতুল পচাবহলা ঘোনাপাড়া এলাকার আলাল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে বিলে গোসল করতে নামে রাতুল। গোসল শেষে অন্য শিশুরা পানি থেকে উঠে এলেও রাতুলকে খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা স্থানীয়দের সহায়তায় বিলে খোঁজাখুঁজি শুরু করেন।
ইসলামপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ইসলামপুরে ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। বিষয়টি জেলা সদরে জানানো হয়েছে। দ্রুত উদ্ধার কার্যক্রম শুরুর ব্যবস্থা নেওয়া হচ্ছে।




