ফরিদপুরে প্রায় এক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মধুখালী ও কানাইপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠনের সভা শেষে অ্যাম্বুলেন্সে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়া চারজন এবং এক মা-ছেলে ও এক ইজিবাইকচালক রয়েছেন। দুটি ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি সেতুর কাছে ঢাকাগামী কিং ফিশার পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। অ্যাম্বুলেন্সটিতে ‘ভলেন্টিয়ার বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভায় অংশ নেওয়া সাত শিক্ষার্থী ছিলেন। সভা শেষে তারা মাগুরায় ফিরছিলেন।
দুর্ঘটনায় প্রথমে তিনজন নিহত হন। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে আহতদের একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রাব্বি (২১) নামে একজনের পরিচয় জানা গেছে। অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে সাগর বিশ্বাস (২২) ও রিয়া (২১) রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা সবাই মাগুরা সদর উপজেলার বাসিন্দা।
প্রথম দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলতলা এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর ট্রাকটি উল্টে যায়। এ সময় একটি প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইক ট্রাকটির নিচে চাপা পড়ে।
এ ঘটনায় মাগুরার মহম্মদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের সুমি বেগম (৩২) ও তার সাত বছরের ছেলে শাওন নিহত হয়। সন্ধ্যার দিকে বালুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করা হয়। সুমি বেগমের স্বামী পলাশ (৩৮) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। বালু সরিয়ে ইজিবাইক থেকে তিনজনকে এবং ক্রেনের সাহায্যে ট্রাক সরিয়ে প্রাইভেটকার থেকে একজনকে উদ্ধার করা হয়। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, প্রায় এক ঘণ্টার ব্যবধানে একই অঞ্চলের মহাসড়কে দুটি দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




