কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোলেমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কয়েকজন পর্যটক সৈকতে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যেতে থাকেন। এ সময় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা চারজনকে উদ্ধার করেন। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। অপর একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
নিহত ও নিখোঁজ পর্যটকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে লাইফগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা শুরু করেছেন।