জামালপুরে অসচ্ছল ও চলাচলে অক্ষম ৫০ জন মানুষের মধ্যে বিনা মূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে শহরের কম্পপুর মাঠে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সংস্থাটির অ্যাডমিন অফিসার কোহিনুর আলম চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস ও সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ অন্যরা।
বক্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধকতার কারণে অনেক মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। তাদের চলাচলের সুযোগ বাড়াতে বিনা মূল্যে হুইলচেয়ার বিতরণের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ ধরনের মানুষের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, প্রতিবন্ধী ও অসচ্ছল মানুষকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার সুযোগ তৈরি করা দরকার। এতে তাদের আত্মমর্যাদা বাড়বে, পরিবারের আয় বৃদ্ধির পথ তৈরি হবে এবং দারিদ্র্য বিমোচনেও ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে ৫০ জনের হাতে বিনা মূল্যে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।