কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া, উজানটিয়া ও শীলখালী ইউনিয়নের ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে ডিও লেটার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। গ্রামীণ মাটির রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) পদ্ধতিতে টেকসই করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ অর্থবছরে গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণ প্রকল্পের আওতায় তিন ইউনিয়নের ১১টি সড়ক উন্নয়নের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অর্থ বরাদ্দের অনুরোধ জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর কাছে আধাসরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী ইকবাল হোছাইনের প্রচেষ্টায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ইকবাল হোছাইন বলেন, বারবাকিয়াসহ আশপাশের ইউনিয়নের অবহেলিত মাটির রাস্তা টেকসই করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে ডিও লেটার পাঠিয়েছেন। বর্ষায় কাঁচা রাস্তায় চলাচলে মানুষের দুর্ভোগ কমানোই এ উদ্যোগের লক্ষ্য।
প্রস্তাবিত সড়কের মধ্যে বারবাকিয়া ইউনিয়নে সাতটি, উজানটিয়ায় তিনটি ও শীলখালীতে একটি রয়েছে। স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু জানান, উজানটিয়া ইউনিয়নের আরও তিনটি সড়ক দ্বিতীয় পর্যায়ে উন্নয়নের জন্য ডিও লেটার দেওয়া হয়েছে।
সড়কগুলো উন্নয়ন করা হলে স্থানীয়দের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল পরিবহন সহজ হবে বলে আশা করছেন এলাকাবাসী। তবে প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন, অর্থ বরাদ্দ ও কাজ শুরুর সময়সূচি এখনো প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে।




