ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের গরমের কষ্ট কমাতে ১৫টি বৈদ্যুতিক ফ্যান উপহার দিয়েছেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। পাশাপাশি হাসপাতালে দীর্ঘদিন ধরে গাইনি চিকিৎসক না থাকায় দ্রুত চিকিৎসক পদায়নের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
গরমে রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগ দেখে তাঁদের স্বস্তির জন্য ১৫টি ফ্যান দেওয়ার ঘোষণা দেন তিনি। পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নেওয়াজ মুস্তাফিজ চৌধুরীর সঙ্গে হাসপাতালের সেবার মান ও বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করেন।
আলোচনায় গত তিন বছর ধরে হাসপাতালে গাইনি চিকিৎসক না থাকার বিষয়টি উঠে এলে উদ্বেগ প্রকাশ করেন খন্দকার নাসিরুল ইসলাম। প্রসূতি মা ও নারীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি ফরিদপুরের সিভিল সার্জনের সঙ্গে মুঠোফোনে কথা বলেন এবং দ্রুত একজন গাইনি চিকিৎসক পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, হাসপাতালে আসা রোগীদের ভোগান্তি কমিয়ে তাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে প্রসূতি মা ও নারীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গাইনি চিকিৎসক পদায়ন প্রয়োজন।
তার ঘোষণার পরিপ্রেক্ষিতে সোমবার রাতেই নেতাকর্মীরা ১৫টি ফ্যান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবিদ হাসানের হাতে তুলে দেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




