আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। নির্বাচিত সরকারের কাছে জনগণের জবাবদিহিতা থাকায় এ দায়িত্ব যথাযথভাবে পালন করা জরুরি।
শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির নতুন কর্মকর্তাদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী বলেন, গত ১৭ বছরে ক্ষমতাসীনদের জনগণের কাছে জবাবদিহিতা ছিল না। তারা নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়েছে। এতে স্বর্ণ ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রকৃত অর্থে উপকৃত হননি। ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশ গঠনে সরকার ও নাগরিক—সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে এ্যানি বলেন, শুধু সরকার দেশপ্রেমিক হলেই চলবে না, প্রতিটি নাগরিককেও দেশপ্রেমিক ও দায়িত্বশীল হতে হবে। স্বর্ণ ব্যবসাকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ খাতের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। তবে এর জন্য স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা জরুরি।
বাজুসের কেন্দ্রীয় কমিটির সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা, লক্ষ্মীপুর জেলা কমিটির চেয়ারম্যান সমীর কর্মকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমীর কর্মকার।




