সিরাজগঞ্জের এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা আশরাফ আলী (৫৮) হত্যার ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৪ জন নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) নিহতের ছেলে মো. ইয়াকুব আলী বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলাটি করেন।
মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রইস উদ্দিন বেপারী (৪০) এবং এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার (৩০)। অন্য আসামিরা হলেন মো. খাজানুর (৩৪), হযরত আলী (৩২), সেলিম হোসেন (৩২), মো. সোনামিয়া (৩২), মো. মোস্তফা (৩৫) ও মো. ইয়াহিয়া (৩২)। তারা সবাই বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। এ সময় মোটরসাইকেলে করে এসে আসামিরা তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তার পাঁজরে ছুরিকাঘাত করে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোররাতে তার মৃত্যু হয়।
নিহত আশরাফ আলী দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।
মামলার বাদী ইয়াকুব আলী অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর মামলা না করার জন্য আসামিপক্ষের লোকজন তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। পরিবারের সদস্য ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তার নিরপরাধ বাবাকে হত্যার বিচার দাবি করেন তিনি।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহায়মিনুল ইসলাম জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিনকে।