‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ প্রতিপাদ্যে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. দিদারুল ইসলাম সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আবদুর রহমান বলেন, কন্যাশিশুর সঠিক শিক্ষা, সুরক্ষা ও বিকাশ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে পারবে। এ জন্য বাল্যবিবাহ নির্মূল করে কন্যাশিশুদের নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের কন্যাশিশু, অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।




