শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার। মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ওসি বলেন, দুর্গম পাহাড়ি এলাকা হলেও ধোপাছড়ির প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রাখা হবে।
তিনি পূজামণ্ডপ সংশ্লিষ্টদের গুজবে কান না দেওয়া এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে চলার আহ্বান জানান। ওসি বলেন, ধর্মীয় উৎসব যেন আনন্দমুখর ও নির্বিঘ্ন হয়, সে জন্য চন্দনাইশ থানা পুলিশ ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পূজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা থানায় যোগাযোগ করতে হবে। পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।