মানবসেবাই প্রকৃত ধর্ম বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, কুমুদিনী কমপ্লেক্স একটি ব্যতিক্রমী স্থান। এখানকার প্রতিটি স্থাপনা ও কার্যক্রমের সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে। তৃতীয় প্রজন্মের হাতে পরিচালিত প্রতিষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে ঐতিহ্য ধরে রেখেছে। এখানকার হাসপাতালও বেশ বড়। তিনি বলেন, সবাই ধর্মের কথা বলেন, কিন্তু মানবসেবাই আসল ধর্ম। কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করে তিনি আনন্দিত হয়েছেন। এ সময় সাংবাদিকেরা তিস্তা চুক্তি নিয়ে প্রশ্ন করলে ভারতীয় হাইকমিশনার বিষয়টি এড়িয়ে যান।
এর আগে মঙ্গলবার বিকেলে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে কর্তৃপক্ষ তাকে স্বাগত জানায়। পরে তিনি কুমুদিনী লাইব্রেরি পরিদর্শন করেন। সন্ধ্যা ৬টার দিকে কমপ্লেক্স থেকে বেরিয়ে বজরায় নদী পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির দুর্গাপূজামণ্ডপে যান। সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাকে অভ্যর্থনা জানান।