দিনাজপুরে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং কর্মসূচির সমাপনী এবং বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সম্মেলনকক্ষে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন মাসব্যাপী কর্মসূচির সচিত্র প্রতিবেদন তুলে ধরেন। তিনি জানান, অক্টোবরজুড়ে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে আলোচনা সভা, পথসভা, গোলাপি সড়ক শোভাযাত্রা এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ২৯ ও ৩০ অক্টোবর দিনাজপুরের সব উপজেলায় একই ধরনের কর্মসূচি পালন করা হয়।
তিনি আরও জানান, এখন থেকে প্রতি মাসে দেশের একটি জেলায় ফোরামের উদ্যোগে দিনাজপুরের আদলে সব উপজেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠানটির অস্থায়ী ভবনে ইতোমধ্যে বহির্বিভাগ চালু হয়েছে। সেখানে দুজন মেডিকেল অফিসার ও একজন অনকোলজিস্ট নিয়মিত রোগী দেখছেন। আগামীকাল থেকে নির্বাচিত রোগীদের ডে-কেয়ার সেন্টারে কেমোথেরাপি দেওয়া শুরু হবে। আগামী তিন মাসের মধ্যে ইনডোর সুবিধাসহ হাসপাতালটি ৩০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। নিজস্ব জমিতে রেডিওথেরাপি বাংকারসহ হাসপাতাল ভবন নির্মাণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য সরকারের কাছে উন্নয়ন প্রকল্প প্রস্তাবও জমা দেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ফোরামের দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, সংগঠনটি সরকারের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এ কার্যক্রম এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। চিকিৎসার পাশাপাশি সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট উত্তরাঞ্চলের প্রান্তিক মানুষের ক্যান্সার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে খুরশীদ জাহান হক ইনস্টিটিউটের সহসভাপতি একেএম আজাদও বক্তব্য দেন। পরে মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের নবনির্মিত কেবিন ব্লকের ফলক উন্মোচন করেন।




