সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের পাশাপাশি তাদের আশ্রয় ও সহযোগিতাকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। কথিত লকডাউনের নামে সহিংসতা ও নৈরাজ্য ঠেকাতে দলীয় নেতা-কর্মীদের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। তিনি বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি থেকে শুরু করে তাদের আশ্রয়দাতা ও পৃষ্ঠপোষক—কেউই ছাড় পাবে না।
রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় নগরের লালখান বাজার মোড়ে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। কথিত লকডাউনের নামে নৈরাজ্য, সহিংসতা ও ফ্যাসিবাদী অপতৎপরতার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে।
নাজিমুর রহমান অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি এবং বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ড চালানো হচ্ছে। এর মাধ্যমে জনমনে ভীতি ছড়ানোর পাশাপাশি জানমাল ও সরকারি সম্পদের ক্ষতিসাধন করা হচ্ছে।
তিনি বলেন, এসব তৎপরতার মূল লক্ষ্য দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করা এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা দুর্বল করে দেওয়া। তাই কোনো ধরনের উসকানি বা ভিত্তিহীন প্রচারে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পরিস্থিতি মোকাবিলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন।
সন্ত্রাসী তৎপরতা কিংবা সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দলীয় অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান বিএনপির এই নেতা।
অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা। লালখান বাজার মোড় থেকে শুরু হওয়া মিছিলটি দামপাড়া ওয়াসার মোড় ও কাজীর দেউড়ি অতিক্রম করে নাসিমন ভবনে মহানগর বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আহমেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিন, সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।