কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সবজিবাহী পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ টেকনাফের হ্নীলা ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে। অপর নিহত মো. ইয়াছিন মাতামুহুরী উপজেলার সাহারবিল রামপুর এলাকার মো. দুলালের ছেলে।
পুলিশ জানায়, ঢাকাগামী শ্যামলী এনআর পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপটি চকরিয়া থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দুজনের মরদেহ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ এসআই মো. সেলিম মিয়া বলেন, নিহত দুজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।