কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী এলাকায় ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে দুপুর পৌনে ১২টার দিকে অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভনকে আটক করে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শোভন মাদকাসক্ত হয়ে পড়লে তাকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল। সেখানে প্রায় দুই বছর থাকার পর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে ফিরে আবারও মাদকাসক্ত হয়ে পড়লে মঙ্গলবার রাতে ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন তাকে নিতে আসেন।
এ সময় বিষয়টি টের পেয়ে শোভন ঘরের ভেতরে ছুরি দিয়ে তার মা পারুল বেগমকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাকে বাঁচাতে বাবা সরদার আলী এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান শোভন। পরে স্থানীয়রা গুরুতর আহত সরদার আলীকে হাসপাতালে নিয়ে যান। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।