সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের এক সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতার বিরুদ্ধে। গত সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ইউপি সদস্য সরোয়ার হোসেন আকন্দ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সরোয়ার হোসেন আকন্দ সোনাখাড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, অভিযুক্ত সিরাজুল ইসলাম তোতা রায়গঞ্জ থানা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি এবং সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
ভুক্তভোগী ইউপি সদস্যের অভিযোগ, ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ১ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দে তিনি একটি কালভার্ট নির্মাণ করেন। কাজ শেষ করার পর প্রকল্পের বিল থেকে তার নিকট তোতা ৫০ হাজার টাকা দাবি করেন। এ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে গালিগালাজ ও মারধর করে পরিষদ থেকে বের করে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, টাকা না দেওয়া পর্যন্ত বিলের চেক আটকে রাখার কথাও বলা হয়েছিল।
তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন সিরাজুল ইসলাম তোতা। তিনি স্থানীয় বিএনপি নেতাদের মাধ্যমে বিষয়টি মীমাংসার কথা বলেছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল জব্বার জানিয়েছেন, তাঁর সামনেই ঘটনাটি ঘটেছে। তিনি ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আহসানুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবদুল খালেক পাটোয়ারী বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি উন্নয়ন প্রকল্পের বিল নিয়ে বিরোধের জেরে একজন জনপ্রতিনিধিকে মারধরের অভিযোগে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।




