পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তার কাজ তদারকির সময় নগদ দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী নূর ই আকরামকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার সাকোয়া ইউনিয়নের গিদালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় লোকজন।
স্থানীয়দের অভিযোগ, সাকোয়া-নয়াদীঘি ভায়া বোয়ালমারী পাকা সড়কের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে তারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন। তবে তদারকির দায়িত্বে থাকা বোদা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী নূর ই আকরাম বিষয়টি আমলে নেননি বলে দাবি তাদের।
বৃহস্পতিবার বিকেলে কাজের মান ও বরাদ্দসংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে প্রকৌশলী সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন বলে জানান স্থানীয়রা। পরে তারা তার পথ আটকে ব্যাগ তল্লাশি করতে চাইলে বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তার ব্যাগ থেকে এক লাখ টাকা এবং পকেট থেকে আরও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানা গেছে।
তবে উদ্ধার হওয়া টাকা নিজের বলে দাবি করেছেন নূর ই আকরাম। ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য টাকা সঙ্গে রেখেছিলেন উল্লেখ করে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
বোদা উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান বলেন, দায়িত্ব পালনকালে এত নগদ টাকা সঙ্গে রাখার বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




