জাতীয় ও বিপ্লব সংহতি দিবস উপলক্ষে রংপুরে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম। 
জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আনসার আলী, মহানগরের আব্দুস সাত্তারসহ অন্যরা। 
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী ও সাধারণ জনতার সম্মিলিত অভ্যূত্থানের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান, স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করাসহ দেশের রাজনৈতিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রেক্ষাপট তুলে ধরেন। সেই সাথে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষাসহ দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করার আহ্বান জানান তারা। 
অপরদিকে দুপুরে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু’র নেতৃত্বে একটি র‌্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে পাবলিক লাইব্রেরী মাঠে আলোচনা সভা করে জেলা বিএনপি। এছাড়া বিকেলে শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে রংপুর সিটি কর্পোরেশন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।