চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯ হাজার ৬২০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ ঘটনায় মো. ফরহাদ-উজ-জামান জয় (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৮৬ হাজার টাকা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গাছবাড়িয়া বাইন্যপুকুর পাড় এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে র্যাবের একটি দল।
র্যাব ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, তল্লাশির একপর্যায়ে ফরহাদ-উজ-জামানের হেফাজত থেকে নীল পলিথিনে মোড়ানো ৪৮টি প্যাকেটে ৯ হাজার ৬০০ পিস এবং অন্য একটি প্যাকেটে ২০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা মাদকের মোট পরিমাণ ৯ হাজার ৬২০ পিস। প্রতি পিস ইয়াবার আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসাবে এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২৮ লাখ ৮৬ হাজার টাকা।
আটক জয় পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব মনসা এলাকার বাসিন্দা। তার বাবা মো. ইদ্রিস মিয়া। র্যাবের ভাষ্য অনুযায়ী, তিনি কক্সবাজার সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রির সঙ্গে জড়িত।
এ ঘটনায় র্যাব-৭-এর চট্টগ্রাম চান্দগাঁও ক্যাম্পের সিপিসি-৩-এর এসসিপিও (এক্স) মো. মিজানুর রহমান বাদী হয়ে চন্দনাইশ থানায় মামলা করেছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়।
চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, র্যাব আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং বুধবার সকালে তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




