বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা পাঁচটি পৃথক হত্যা ও সহিংসতা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে রবিবার (১১ অক্টোবর) এ আদেশ দেওয়া হয়।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। মামলার বিবরণ অনুযায়ী, এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ পাঁচটি মামলায় ডা. এনামুর রহমানকে জামিন দিয়েছিলেন। ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেন।
২০২৫ সালের ২৬ জানুয়ারি রাজধানীর একটি এলাকা থেকে ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়।
পরে ১৮ ফেব্রুয়ারি সাভার থানায় দায়ের করা মো. হৃদয় হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া সাভার ও ঢাকার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়ের করা একাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
ডা. এনামুর রহমান ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসন থেকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালে গঠিত মন্ত্রিসভায় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন।