এক দফার আন্দোলন কিংবা লংমার্চ-রোডমার্চের হুংকার দিয়ে লাভ হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিএনপি আন্দোলন-সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়ে রাজপথ থেকে উঠে আসা দল। তাই ভয় দেখিয়ে লাভ নেই।
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার তোঁতারখিল অয়েশা উচ্চবিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জামায়াত ও শিবিরের সমালোচনা করে এ্যানি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে জামায়াত ১৭২ দিন হরতাল-অবরোধ করেছিল। তার অভিযোগ, ৫ আগস্টের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির গুপ্ত সংগঠন হিসেবে কার্যক্রম চালাত। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বিরোধী দলের ভূমিকা নিয়ে মন্ত্রী বলেন, শুধু সংসদে সুন্দর কথা বললেই দায়িত্ব পালন হয় না; জনগণের পাশে থাকতে হয়। তার অভিযোগ, বিরোধী দল লংমার্চ ও রোডমার্চের কর্মসূচির মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। দীর্ঘ ১৭ বছর মানুষ নানা কষ্টের মধ্য দিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ আর অশান্তি চায় না।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি সামাজিক মর্যাদা ও নিরাপদ জীবন নিশ্চিত করা জরুরি। ধর্মের নামে অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধে সবাইকে কাজ করতে হবে। মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব অপকর্মে জড়িত কেউ ছাড় পাবে না। অনুষ্ঠান শেষে মন্ত্রী নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।




