সড়কে যানজট কমানো ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে কক্সবাজারের চকরিয়া পৌরশহরে অভিযান চালিয়ে দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ কার্যক্রম চালায়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম, পৌরসভার সচিব ডা. লোকমান, চকরিয়া থানার ওসি আরিফুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
প্রশাসন ও পৌরসভা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌরশহরের সড়কের জায়গা দখল করে ভাসমান দোকান বসানো হচ্ছিল। এতে যান চলাচলে বাধা সৃষ্টি হতো এবং পথচারীদের চলাচলও কঠিন হয়ে পড়ত। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন নাগরিকেরা বিভিন্ন সময়ে আপত্তি জানিয়ে আসছিলেন। অভিযানে আনুমানিক দুই শতাধিক ভাসমান দোকান সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে, যেন তারা পুনরায় সড়ক দখল করে দোকান না বসান।
ইউএনও ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ার বলেন, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে কেউ সড়ক দখল করে দোকান বসালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




