ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৯৫৩ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন ও ৩ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়। ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হলেও মামলার প্রধান অভিযুক্ত মোকসেদুল ইসলাম পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কশালগাঁও এলাকার সেনপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার দুই নারী হলেন লাভলী বেগম (২৩) ও মুসিদা বেগম (৫৫)। লাভলী পলাতক মোকসেদুল ইসলামের স্ত্রী। মুসিদা মো. উমের আলীর স্ত্রী। তাঁদের বাড়ি ওই এলাকাতেই।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রুহিয়া থানার এসআই রাম বাবু রায় ও তাঁর সঙ্গীয় সদস্যরা নিয়মিত অভিযান ও টহলের সময় গোপন তথ্য পান, ওই এলাকার একটি বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে। পরে বাড়িটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে টিনের ঘরের সঙ্গে বাঁধা একটি বাঁশের ভেতরে লুকিয়ে রাখা নয়টি নীল জিপারযুক্ত প্যাকেট পাওয়া যায়। সেগুলোতে ছিল ৯৫৩ পিস ইয়াবা। পাশাপাশি পলিথিনে ছোট-বড় পুঁটলিতে রাখা ৮ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য বলছে, মোকসেদুল ইসলাম নিজ বাড়িতে মাদক মজুত করে সহযোগীদের মাধ্যমে দীর্ঘদিন ধরে তা বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর ০৬/৮৭। তারিখ ১৩ অক্টোবর ২০২৬। পুলিশ জানিয়েছে, পলাতক মোকসেদুলকে গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার দুই নারীকে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।




