জামালপুরের সরিষাবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপে আরতি দেওয়ার সময় অসুস্থ হয়ে মনোরঞ্জন চন্দ্র দাস (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২টার দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী দুর্গা ও কালীমন্দিরের পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
মনোরঞ্জন চন্দ্র দাস পৌরসভার কামরাবাদ দাসপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘ ৩৬ বছর ধরে ওই মন্দিরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে পূজামণ্ডপে গানের তালে নাচার একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন মনোরঞ্জন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, পূজামণ্ডপে আরতি দেওয়ার সময় অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে মনোরঞ্জন চন্দ্র দাসের মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। মঙ্গলবার দুপুরে পৌরসভার কামরাবাদ কেন্দ্রীয় শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।