লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের সদর উপজেলার শাকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা অবরোধ করেন।
নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে সড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা সেটি আটক করেন। পরে বিক্ষুব্ধ লোকজন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন। এতে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।