বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্ম ও নৃগোষ্ঠীর মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করছেন। ধর্মীয় কিংবা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) নরসিংদীর মনোহরদী উপজেলার আহাম্মদপুরে শ্রীশ্রী দুর্গামন্দিরে বিনামূল্যে চিকিৎসাসেবা, বস্ত্র বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপস্থিত পুণ্যার্থী ও দর্শনার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নিজেদের সংখ্যালঘু ভাবার কোনো কারণ নেই। এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ বজায় রেখে উৎসব উদযাপন করতে হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সরকার সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।
মন্ত্রী আরও বলেন, এবারের দুর্গাপূজায় সরকার স্বাধীনতার পর সর্বোচ্চ আর্থিক অনুদান দিয়েছে। ধর্মীয় সম্প্রীতি অটুট রেখে সবাইকে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।