জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের কর্মকর্তা এস এম বায়েজিদ ইবনে আকবর, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু এবং জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন।
আলোচনায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব ও দেশপ্রেমের কথা উল্লেখ করে নতুন প্রজন্মকে তার জীবন ও ভূমিকা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় পারস্পরিক বিভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
আলোচনা পর্বের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।




