ইলিশের উৎপাদন বাড়াতে ছোট ইলিশ বা জাটকা সংরক্ষণে কুষ্টিয়ার খোকসা পৌর মাছ বাজারে সচেতনতামূলক অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। এ সময় ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ আহরণ, কেনাবেচা ও পরিবহন থেকে বিরত থাকতে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন খোকসা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আহসান হাবিব।
অভিযানকালে মাছ ব্যবসায়ী ও বাজারসংশ্লিষ্টদের জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে সরকারি নিষেধাজ্ঞা সম্পর্কে অবহিত করা হয়। মৎস্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ।
এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। ইলিশের উৎপাদন ও বংশবিস্তার স্বাভাবিক রাখতে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানায় উপজেলা মৎস্য দপ্তর।