নীলফামারীতে ভ্যান ভাড়া নিয়ে চালককে চেতনানাশক খাওয়ানোর অভিযোগের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলাম নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এদিকে পুলিশের অভিযানে আন্তজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে চারটি চার্জার ভ্যান ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার রাতে নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর, কিশোরগঞ্জ ও জলঢাকা এলাকায় অভিযান চালিয়ে মফিজুল ইসলাম, রবি ইসলাম ও ওয়াহেদ ইসলামকে গ্রেপ্তার করা হয়। তারা যথাক্রমে পঞ্চপুকুর ও কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২০ অক্টোবর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের বাজারপাড়া এলাকার ভ্যানচালক নুর ইসলামের কাছ থেকে কয়েকজন ব্যক্তি পূজামণ্ডপ ঘুরে দেখার কথা বলে অটোচার্জার ভ্যান ভাড়া নেন। রাত পৌনে ১২টার দিকে পলাশবাড়ি বাজার এলাকায় চালককে চেতনানাশক খাওয়ানো হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় ভ্যান নিয়ে পালানোর অভিযোগে সাকিব ইসলাম নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ অভিযান শুরু করে। আটক সাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে পঞ্চপুকুর এলাকা থেকে মফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে একটি চোরাই চার্জার ভ্যান উদ্ধার করা হয়। পরে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের পানিয়ালপুকুর এলাকা থেকে ওয়াহেদ ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকেও একটি চোরাই ভ্যান উদ্ধার করা হয়। এ ছাড়া বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগোড় এলাকা থেকে আরও একটি চোরাই চার্জার ভ্যান উদ্ধার করা হয়।
নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপারেশন অ্যান্ড মিডিয়া) এবিএম ফয়জুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা শনাক্তে পুলিশ কাজ করছে।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন নুর ইসলাম বৃহস্পতিবার রাতে মারা যান। তিনি মীরগঞ্জ ইউনিয়নের বাজারপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।