পিরোজপুরের বিভিন্ন খাদ্যপণ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিকের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বক্তারা। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনুষ্ঠিত হয়েছে সেমিনার।
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন বিষয়ে সচেতনতা বাড়াতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজের ওমান ভবনের অডিটোরিয়ামে বিজ্ঞান ক্লাবের আয়োজনে ‘নিরাপদ খাদ্য, সুস্থ জীবন: প্রেক্ষাপট পিরোজপুর’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর লায়ন শেখ রফিকুল ইসলাম।
কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নুসরাত কানিজ রাসুল, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহিদুল ইসলাম চান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শাহীন রেজা, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এবং পৌরসভার সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন।
বক্তারা বলেন, পিরোজপুরের মাছ, শুঁটকি, ফলমূল, দুধ ও দুগ্ধজাত পণ্য, ভোজ্যতেল, মসলা এবং বেকারিসহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যে রাসায়নিক ও ক্ষতিকর ভেজালের ঝুঁকি রয়েছে। এসব খাদ্যপণ্য মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল প্রতিরোধে প্রশাসন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।