সাজেকে অবরোধ কর্মসূচিতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় শনিবার আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে ইউপিডিএফ-সমর্থিত ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালনের কথা জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সাজেকে জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে শান্তিপূর্ণ সড়ক অবরোধ চলাকালে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে এবং সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এর আগে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। সেই কর্মসূচি চলার মধ্যেই দুই পার্বত্য জেলায় আধাবেলা অবরোধের ঘোষণা দিল ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
সংগঠনটির সভাপতি উষাতন চাকমা, যিনি কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অবরোধ সফল করতে পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠনগুলোর পাশাপাশি রাঙামাটি ও খাগড়াছড়ির যানবাহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন।
বিবৃতিতে জানানো হয়, জরুরি সেবার যানবাহন অবরোধের বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স, রোগী ও লাশবাহী যান, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সাংবাদিকদের বহনকারী গাড়ি।