দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, শরীরে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও দখল হতে দেওয়া হবে না। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, তবু প্রতিবেশী দেশের আধিপত্যবাদী মনোভাবের কাছে মাথানত করবে না সরকার ও নতুন প্রজন্ম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্নায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের ঘোষণার প্রতিবাদ জানিয়ে রাশেদ খান বলেন, দেশের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে আবারও যুদ্ধে নামতে হবে। প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ এই পতাকার মর্যাদা রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাশেদ খান অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি নতুন বাংলাদেশ গঠনের উদ্যোগ বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। দেশের বাইরে অবস্থান করে শেখ হাসিনা বিভিন্ন ধরনের উসকানি দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, ভারত ও শেখ হাসিনার ইন্ধনে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সেখানে অগ্নিসংযোগের ঘটনায় একদিকে আওয়ামী লীগের লোকজনের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে অগ্নিসন্ত্রাসের প্রভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংকিং কার্যক্রম ও চিকিৎসাসেবা নিয়েও সংকট তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
রাশেদ খান বলেন, গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। তবে সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে এবং শেষ পর্যন্ত তা স্বাভাবিক করতে সক্ষম হয়েছে।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। ১৯৭১ সালের যুদ্ধের শেষ পর্যায়ে ভারত সহযোগিতার নামে বাংলাদেশের সম্পদ লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। ইতিহাসের এসব বিষয়ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানান।
কামান্না গণহত্যায় শহীদ ২৭ বীরের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান।
বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।