চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল এবং সার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে যশোরে কর্মিসভা ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শহরের দলীয় কার্যালয়ে সংগঠনটির যশোর জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী আব্দুল হামিদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন পলাশ বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম।
সভায় বক্তব্য দেন সংগঠনের যশোর জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান, কেন্দ্রীয় নেতা কমরেড নাজিম উদ্দিন, মিজানুর রহমান, অধ্যাপক ইসরারুল হক, সকিনা বেগম দিপ্তি, চৈতন্য কুমার পাল ও সিরাজুল ইসলামসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতির জন্য হুমকি। তারা সরকারের বিমান কেনার উদ্যোগেরও সমালোচনা করেন।
তাদের অভিযোগ, সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কৃষক ও সাধারণ মানুষ চাপে পড়েছেন। সার সিন্ডিকেট ভেঙে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, ইরি-বোরো মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান তারা। এ ছাড়া ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলার নিন্দা, জড়িতদের বিচার এবং ধর্মীয় উগ্রবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।
দাবি বাস্তবায়ন না হলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। সভা শেষে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।