কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের তিন দিন পর আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখার গ্রামের আলী আজ্জমের বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পথচারীরা আলী আজ্জমের বসতঘরের পাশের ডোবায় মানুষের মতো কিছু একটা ভাসতে দেখেন। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে দেবীদ্বার থানার ওসি (তদন্ত) ইমাম হাসান ও উপপরিদর্শক (এসআই) সাগর বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত আব্দুল খালেক ধামতী ইউনিয়নের দক্ষিণখার গ্রামের জমিরউদ্দীনের বাড়ির মৃত জুনাব আলীর ছেলে। তার ছেলে সোহাগ মিয়া লাশটি শনাক্ত করেন। সোহাগ মিয়া জানান, গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নশু মার্কেটের গ্রাম্য চিকিৎসক আলম ডাক্তারের ফার্মেসি থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে তার বাবা নিখোঁজ হন। তিন দিন পর বৃহস্পতিবার ডোবা থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হলো।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশ উদ্ধারের সময় বৃদ্ধের হাতের মুঠোয় একটি টর্চলাইট পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ডোবায় পড়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




